বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, হাজারো নেতাকর্মীর গুম ও হত্যার রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্র দেশে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রে ফিরবই—ইনশাআল্লাহ।’
আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিগত আন্দোলন ও নিপীড়নে গুম–খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশনসহ তাদের উদ্দেশে বলতে চাই—সমতা ও সাম্য নিশ্চিত করতে হবে। আমাদের ভদ্রতা ও নম্রতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। আমরা গণতন্ত্রকে ভালোবাসি এবং রক্তের সিঁড়ি বেয়েই আজ এখানে পৌঁছেছি। যারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে চায়, তাদের মনে রাখতে হবে—এই পথচলা থামানো যাবে না।
তিনি বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের কর্মসূচি নির্বাচন কমিশনারের অনুরোধে শান্তির স্বার্থে স্থগিত করা হয়েছিল। কিন্তু এটিকে দুর্বলতা মনে করা হয়েছে। ‘এটা দুর্বলতা নয়, আমাদের ভদ্রতা,’ বলেন তিনি। এরপর থেকে একটি রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছে এবং বিভিন্ন কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চাচ্ছে, সেটার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না।’ তিনি দাবি করেন, ফ্যাসিবাদের শৃঙ্খল ভেঙে বিএনপি আজ স্বাধীনতার পতাকা হাতে এগিয়ে যাচ্ছে। সেই পতাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সারা জাতি হস্তান্তর করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, বিএনপি সবার জন্য সাম্য, সুশাসন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশের প্রতিশ্রুতি দিচ্ছে। জনগণের সহযোগিতায় সেই লক্ষ্য বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!