প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, এবারের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের কোনো আইনগত বাধা নেই। তিনি বলেন, গণভোট কোনও দলকে ক্ষমতায় বসানো বা কোনও দলকে বাধা দেওয়ার উদ্দেশ্যে নয়, এটি জুলাই জাতীয় সনদভিত্তিক রাষ্ট্র সংস্কারের জনগণের সম্মতিতে গৃহীত রাষ্ট্র সংস্কার কার্যক্রম।
আজ (১৭ জানুয়ারি ২০২৬) শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ঢাকা বিভাগীয় প্রশাসনের আয়োজন করা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। সভায় ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও পূর্ত সচিব মো. নজরুল ইসলাম এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংবিধান বিশেষজ্ঞ, সাবেক বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে, সরকারি কর্মচারীরা নাগরিক দায়িত্বে অংশগ্রহণের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় অংশ নিতে পারেন। যারা বাধা আছে বলে প্রচার করছে, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ২৭ থেকে ৩৭ বছরের নীচের প্রায় এক তৃতীয়াংশ জনগণ এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই বর্তমান প্রজন্মের দায়িত্ব হলো সঠিকভাবে পথনকশা তৈরি করা এবং দেশকে সমৃদ্ধি ও সাফল্যের দিকে এগিয়ে নেওয়া।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কেবল কর্মচারী নয়, তারা একইসঙ্গে নাগরিক। সংবিধানের ২১ অনুচ্ছেদে জনগণের সেবায় নিয়োজিতদের কর্তব্য ও নাগরিকদের দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই প্রেক্ষিতে গণভোটে মানুষকে সচেতন করা ও ভোটদানে উৎসাহিত করা তাদের নাগরিক কর্তব্যের অংশ।
সভায় ঢাকা বিভাগের সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!