রাজনীতি

নির্বাচনে এনসিপির অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনার সময় এসেছে: আসিফ মাহমুদ

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৫:২৫ পিএম ১৫
নির্বাচনে এনসিপির অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনার সময় এসেছে: আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে কি না—তা পুনর্বিবেচনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর দলের আস্থা এখন আর নেই।

আজ (১৮ জানুয়ারি) রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা অর্জন করা প্রয়োজন, নির্বাচন কমিশন তা হারিয়েছে। বর্তমান প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়ন সম্ভব হবে না।

আসিফ মাহমুদ বলেন, ‘দল হিসেবে আজকের পর আমরা আর কোনো আস্থা পাচ্ছি না। তাই এই নির্বাচনে অংশগ্রহণ করব কি না, তা নতুন করে ভাবতে হচ্ছে। বিষয়টি আমাদের রাজনৈতিক পর্ষদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আপিল শুনানির প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা অভিযোগ করেন, আইনের বাইরে গিয়ে চাপ বা আবেগের ভিত্তিতে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, পুরো প্রক্রিয়াটি নাটকের মতো মঞ্চায়িত হয়েছে। তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিসংক্রান্ত একাধিক বিতর্কিত প্রার্থীকে বৈধতা দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, আপিল শুনানি শেষে সিদ্ধান্ত দেওয়ার আগে নির্বাচন কমিশন বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে। এরপর রায় ঘোষণার বিষয়টি প্রশ্নবিদ্ধ এবং সাজানো বলেও মন্তব্য করেন তিনি।

ভবিষ্যতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে সাক্ষাৎ করার কথাও জানান তিনি।

তবে এনসিপি সময়মতো নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, যথাযথ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনে অংশ নেওয়াই দলের লক্ষ্য। দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।


আরএস-রাসেল  

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!