ক্ষমতায় গেলে নারীদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেবে বিএনপি—এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নারীদের উন্নয়নের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের উৎস নিয়েও বিএনপি বাস্তবভিত্তিক চিন্তা করেছে।
আজ (১৮ জানুয়ারি) রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরামের আয়োজনে ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু।
তিনি বলেন, চাকরির ক্ষেত্রে আদৌ সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়েছে কি না—সেটি আগে দেখা জরুরি। শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে তাদের দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। বিশেষ করে প্রত্যন্ত এলাকার নারীদের আর্থিক সহায়তা বাড়াতে হবে। নারীদের উৎপাদিত পণ্যে বিপণন, ব্র্যান্ডিং ও ডিজাইনের সহায়তা দেওয়া হলে তাদের জীবনযাপনে বড় ধরনের পরিবর্তন আসবে।
খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আমীর খসরু বলেন, গ্রামের নারীদের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে বিএনপির। নারীদের সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করা হবে। সমাজের সব ক্ষেত্রে নারীরা যেন সমানভাবে অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই কাজ করতে চায় বিএনপি।
দলটির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করে সাবেক এই মন্ত্রী বলেন, এসব পরিকল্পনা দীর্ঘ সময় ধরে গবেষণার মাধ্যমে প্রণয়ন করা হয়েছে। সুযোগ পেলে তা বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান, সিপিডির পরিচালক ড. ফাহমিদা খাতুন, সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!