দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য বিএনপির নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। দলীয় সূত্রে জানানো হয়েছে, মহাসমাবেশে অংশগ্রহণের জন্য তিনি একদিন আগে চট্টগ্রামে পৌঁছাবেন। এই কর্মসূচি সফল করার জন্য ইতোমধ্যেই বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো প্রস্তুতি শুরু করেছে।
সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন পলোগ্রাউন্ড মাঠ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত বিষয়গুলো খতিয়ে দেখেন। এছাড়া আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে আওয়ামী লীগের দুর্নীতিমূলক শাসনের ফলে বিপর্যস্ত দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক সংস্কৃতি পুনরুদ্ধার হবে। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে তারেক রহমানের নেতৃত্ব জনগণের একমাত্র ভরসা।”
মহাসমাবেশকে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “এই সমাবেশের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে জনতার ঐক্য আরও দৃঢ় হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাগরিক ভোগান্তি না ঘটে।”
পরিদর্শনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য মো. কামরুল ইসলাম, ওলামাদলের মাওলানা আবদুল হান্নান জিলানী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেলসহ অন্যান্য নেতা-কর্মীরা।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে এসেছিলেন। তখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে লালদিঘী ময়দানে এক জনসভায় বক্তব্য দেন। দুই দশকের বেশি সময় পর তার চট্টগ্রাম আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!