রাজনীতি

জাতি গঠনে নারীর ক্ষমতায়ন ঘর থেকেই শুরু হতে হবে: জাইমা রহমান

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৫:৪৫ পিএম ১৩
জাতি গঠনে নারীর ক্ষমতায়ন ঘর থেকেই শুরু হতে হবে: জাইমা রহমান

জাতি গঠনে নারীর ক্ষমতায়ন ঘর থেকেই শুরু হতে হবে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, নারী সমতা কেবল নারীদের আলাদা কোনো বিষয় নয়; এটি সামগ্রিক অর্থনীতি ও জাতীয় উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অর্ধেক জনসংখ্যাকে গৃহস্থালির অদৃশ্য শ্রম ও সামাজিক চাপে আটকে রেখে কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

আজ রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্যে জাইমা রহমান বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে সবারই নিজের জায়গা থেকে ভূমিকা রাখা উচিত। তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্ন পথের মানুষেরা একসঙ্গে দেশের মঙ্গলের জন্য কাজ করা।

নিজের বেড়ে ওঠার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, নারীর ক্ষমতা ও মর্যাদার প্রথম শিক্ষা তিনি পেয়েছেন পরিবার থেকেই। তাঁর মা একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে পেশাগত জীবন ও পরিবার সামলাতে পেরেছেন, কারণ পরিবারে সমর্থন ছিল।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করে বলেন, নারী ও কন্যাশিশুদের উন্নয়নে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন এবং পোশাক খাতের বিকাশের মাধ্যমে লাখো নারীকে অর্থনৈতিক স্বাধীনতার পথে যুক্ত করেছিলেন তিনি। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ এবং মেয়েদের অবৈতনিক শিক্ষা কর্মসূচির কথাও উল্লেখ করেন, যা আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পেয়েছে।

বর্তমান বাস্তবতা তুলে ধরে জাইমা রহমান বলেন, কেবল আইন বা নীতিমালায় সমতা নিশ্চিত হবে না, মানসিকতার পরিবর্তন জরুরি। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশে নারীরা বিনা পারিশ্রমিকে প্রায় ৮৫ শতাংশ গৃহস্থালি কাজ করেন, যার আর্থিক মূল্য জিডিপির উল্লেখযোগ্য অংশ। অথচ শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ এখনো ৪০ শতাংশের নিচে।

বিয়ের পর বা সন্তানের জন্মের পর নারীদের স্বপ্ন ত্যাগের সামাজিক চাপের বিষয়টি তুলে ধরে তিনি আক্ষেপ প্রকাশ করেন। অনলাইন হয়রানির প্রসঙ্গ টেনে তিনি বলেন, উল্লেখযোগ্যসংখ্যক নারী এ সমস্যার শিকার হন, যা গভীর উদ্বেগজনক।

বাবাদের উদ্দেশে বিশেষ আহ্বান জানিয়ে জাইমা রহমান বলেন, ছোটবেলা থেকেই মেয়েদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে এবং ঘরের ভেতরের বৈষম্য দূর করতে হবে। তাহলেই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

বক্তব্যের শেষে তিনি বলেন, প্রকৃত উন্নয়নের জন্য অর্ধেক জনসংখ্যাকে পিছনে রেখে এগোনো যাবে না। ঘর, প্রতিষ্ঠান ও সামগ্রিক মানসিকতায় পরিবর্তন এনে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করলেই একটি টেকসই ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!