রাজনীতি

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০৫:২৫ এএম ১২
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম। তাঁর পিতার নাম মনসুর রহমান। শৈশব ও কৈশোর কেটেছে বগুড়া ও কলকাতায়। পরে পিতার কর্মস্থল করাচিতে গিয়ে তিনি পড়াশোনা শেষ করেন। ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দিয়ে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।

১৯৬৫ সালের পাক–ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন জিয়াউর রহমান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও একজন সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেন। সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া দিনটি উপলক্ষে দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে। দ্বিতীয় দিন, আগামীকাল ২০ জানুয়ারি, জিয়াউর রহমানের জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভা আয়োজন করবে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে জানান, দল ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!