গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি–সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বিএনপি নেতাকর্মীদের তিনি পাশে চান এবং তাঁদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চান।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দশমিনা উপজেলার আউলিয়াপুর হাইস্কুল মাঠে রণগোপালদী ইউনিয়ন গণ অধিকার পরিষদের আয়োজনে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আপনারা তো আমার সহযোগী। আমি আপনাদের সঙ্গে চাই, পাশে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’ তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের আদর্শ ও নির্দেশনার পরিপন্থী কোনো কর্মকাণ্ড রাজনীতিতে নেতিবাচক বার্তা দেয়। জোটের রাজনীতিতে মিত্রদের সঙ্গে কাজ করাই দায়িত্বশীলতার পরিচয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপির অন্যান্য নেতাকর্মীদের মতো এই এলাকার নেতাকর্মীরাও গণ অধিকার পরিষদের কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করবেন—এ বিষয়ে তিনি আশাবাদী।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে নুর বলেন, ‘আমরা সবাই মিলে গলাচিপা–দশমিনাকে একটি উন্নয়নের রোল মডেল উপজেলা ও আসনে পরিণত করব—ইনশাআল্লাহ।’
রাজনৈতিক সম্প্রীতির কথা তুলে ধরে তিনি বলেন, এই জনপদে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত কিংবা ইসলামী আন্দোলন—কোনো বিভাজন নয়; বরং ঐক্য ও সহাবস্থানের মধ্য দিয়ে একটি নতুন সমাজ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
রাজনীতিতে ক্ষমাশীলতার বিষয়ে নুর বলেন, গত সাত বছরে তিনি ও তাঁর পরিবার নানাভাবে নির্যাতন ও অপমানের শিকার হলেও গত দেড় বছরে তিনি কাউকে কটু কথা বলেননি কিংবা হুমকি দেননি। তিনি বলেন, ‘আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি।’
একপর্যায়ে তিনি অভিযোগ করেন, একটি মহল স্কুলশিক্ষকদের হুমকি দিচ্ছে। তাঁর স্ত্রীও একজন শিক্ষক উল্লেখ করে তিনি বলেন, তাকেও নানাভাবে শাসানো ও হয়রানি করা হয়েছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নুর বলেন, ধৈর্যের সীমা লঙ্ঘিত হলে কঠোর অবস্থানে যেতে বাধ্য হবেন।
তিনি বলেন, ‘আমরা গলাচিপা–দশমিনায় ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কেউ অন্যায়ের শিকার হবে না, কেউ অধিকারবঞ্চিত থাকবে না।’
অনুষ্ঠানে দশমিনা ও গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদ এবং বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে গলাচিপা ও দশমিনা উপজেলা এবং গলাচিপা পৌর বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দলীয় সূত্র জানায়, নুরের পক্ষে সক্রিয় ভূমিকা না রাখার অভিযোগেই এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এদিকে নুরুল হক নুরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য বহিষ্কৃত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন। বিলুপ্ত কমিটির একটি অংশ তাঁর অনুসারী বলে দলীয় সূত্রে জানা গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!