রাজনীতি

তারেকের শোডাউন ও নিরাপত্তার অর্থ কোথা থেকে? প্রশ্ন হাসনাত আবদুল্লার

আপডেট: জানু ২০, ২০২৬ : ০৬:৩৭ এএম ১২
তারেকের শোডাউন ও নিরাপত্তার অর্থ কোথা থেকে? প্রশ্ন হাসনাত আবদুল্লার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আয়ের উৎস, ব্যক্তিগত ব্যয় ও নির্বাচনি প্রচারণার অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন।

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও-বার্তায় তিনি বলেন, “তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। তিনি বর্তমানে কীভাবে জীবিকা নির্বাহ করছেন এবং তার বিশাল শোডাউন ও নিরাপত্তার বিপুল অর্থ কোথা থেকে আসছে, তা জনগণের জানার অধিকার রয়েছে। অথচ এ বিষয়ে কেউ কোনো প্রশ্ন তুলছে না।”

হাসনাত আরও বলেন, “ছাত্রনেতাদের নিরাপত্তা নিয়ে আলোচনায় একপক্ষীয় সমালোচনা দেখা গেছে। কিন্তু এখন তারেক রহমানের বিশাল গাড়ি বহর ও তেলের অর্থের উৎস নিয়ে কেন প্রশ্ন ওঠে না?”

ঢাকা-১৭ আসনের নির্বাচনি মিডিয়া কমিটিতে ৪৯ জন পেশাদার সাংবাদিক অন্তর্ভুক্ত করার বিষয়কেও সমালোচনা করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, “সাংবাদিকরা যখন কোনো দলের প্যাডে নাম লেখাচ্ছেন, তখন তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় না কি? ওই ৪৯ জন সাংবাদিক কি বিএনপির কর্মী হিসেবে কাজ করবেন নাকি নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে? তারা নির্বাচন কমিশন থেকে কার্ড নেবেন নাকি বিএনপির কার্ড নিয়ে কাজ করবেন—এ বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন।”

হাসনাত এই ঘটনাকে সাংবাদিকতার জন্য একটি ‘নেতিবাচক দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি বিগত সরকারের সুবিধাভোগী কিছু সংবাদমাধ্যমের ভূমিকার সমালোচনা করে বলেন, যারা আগে তারেক রহমানকে ‘ভারতের চর’ বা ‘পলাতক ষড়যন্ত্রকারী’ হিসেবে উপস্থাপন করেছে, তারা এখন তার ঘনিষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় নেমেছে।

শেষে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যেভাবে গত দেড় বছর ধরে আমাদের বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, ঠিক একইভাবে তারেক রহমানের অর্থের উৎস ও ব্যয় নিয়েও প্রশ্ন করা হোক। যদি প্রশ্ন তোলার ক্ষেত্রে পক্ষপাত থাকে, তাহলে নিরপেক্ষ সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হবে।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!