রাজনীতি

কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের

আপডেট: জানু ২০, ২০২৬ : ০৪:৫৬ পিএম ১১
কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের

রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের জন্য বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কড়াইলের মানুষ যেন মর্যাদার সঙ্গে মাথা গোঁজার ঠাঁই পায়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হবে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন। বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। তিনি বলেন, ‘আমরা আপনাদের জন্য রাজনীতি করি। অতীতে আমাদের দল যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার রক্ষার জন্য সাধ্যমতো চেষ্টা করেছে।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, কড়াইল বস্তির বাসিন্দারা দীর্ঘদিন নানা কষ্টের মধ্যে বসবাস করছেন। ‘এই কষ্টের একটি স্থায়ী সমাধান আমরা ধীরে ধীরে করতে চাই। এখানে উঁচু উঁচু ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট তৈরি করা হবে,’ বলেন তিনি।

তারেক রহমান জানান, যারা দীর্ঘদিন ধরে কড়াইল এলাকায় বসবাস করছেন, তাদের নাম নিবন্ধন করে ফ্ল্যাটগুলো তাদের নামেই বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘এখানকার আদিবাসী ও বহুদিনের বাসিন্দাদের হাতেই এই ফ্ল্যাট তুলে দিতে চাই, যাতে ঢাকা শহরের মতো জায়গায় তাদের একটি স্থায়ী ঠিকানা হয়।’

শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়েও পরিকল্পনার কথা জানান বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, কড়াইল এলাকার শিশুদের লেখাপড়া, খেলাধুলা ও চিকিৎসাসেবার সুযোগ নিশ্চিত করতে চান তারা। ‘বিএনপির পরিকল্পনা হচ্ছে স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এই এলাকাতেই ক্লিনিক ও হাসপাতাল থাকবে,’ বলেন তারেক রহমান।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারী শিক্ষার সুযোগ নিশ্চিত করেছিলেন। ভবিষ্যতে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। তবে সবকিছু বাস্তবায়ন আল্লাহর রহমতের ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন।

ব্যক্তিগত স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, কড়াইলবাসীর সঙ্গে তাঁর আবেগী সম্পর্ক রয়েছে। ‘আমি আপনাদের এলাকারই সন্তান। স্বৈরাচারের সময় আমাদের ক্যান্টনমেন্টের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। এখন গুলশানে থাকি, আপনাদের আরও কাছের প্রতিবেশী। যতদিন বেঁচে থাকব, কড়াইলবাসীর পাশে থাকার চেষ্টা করব,’ বলেন তিনি।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!