জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৯৬ আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। এছাড়া আরও দু’জন প্রার্থীর নাম পেন্ডিং রয়েছে। এতে করে জাপার ১৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হচ্ছে।
জিএম কাদের বলেন, “১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে জাতীয় পার্টি। এদের মধ্যে ৬ জন নারী প্রার্থী রয়েছেন। পরবর্তী সময়ে আরও ২-৩ জন প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন।” নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তিনি অভিযোগ করেন, “আমাদের নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন পন্থায় আমাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা সুষ্ঠু লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না।”
সংবিধান সংস্কারের প্রস্তাবকে ব্যাখ্যা করে জিএম কাদের বলেন, “স্বৈরাচার রোধের নামে প্রস্তাবিত সংস্কারে প্রধানমন্ত্রীকে পুরো ক্ষমতা দেওয়া হয়নি, তার হাত-পা বেঁধে দেওয়া হয়েছে। দেশ চালানোর জন্য প্রয়োজন ব্যক্তিগত ক্ষমতা, ক্ষমতা ছাড়া দায়িত্ব পালন সম্ভব নয়।”
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, “এই গণভোট সংবিধানবিরোধী, বাস্তবায়ন হলে দেশের স্থিতিশীলতা বিপন্ন হবে। তাই গণভোটে ‘না’ ভোট দেওয়া উচিত।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!