রাজনীতি

জনগণের ভোটে ক্ষমতায় এলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি: তারেক রহমান

আপডেট: জানু ২১, ২০২৬ : ০৬:৩০ এএম ১৩
জনগণের ভোটে ক্ষমতায় এলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠিত হলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

মঙ্গলবার রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে বনানী সোসাইটি আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি বলেন, “আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় শহরাঞ্চলে জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি হয়েছে। তাই জনগণের ভোটে ক্ষমতায় এলে আমরা সমগ্র দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব।”

তারেক রহমান একই সভায় দেশের চলমান জলাবদ্ধতা, পরিবেশদূষণ, শিক্ষা সংস্কার, যুবসমস্যা ও স্বাস্থ্যখাতের সংকট সমাধানে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, “ঢাকার সবুজায়ন কমেছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। প্রতিটি উপজেলায় সরকারি-বেসরকারি নার্সারি সক্ষমতা বাড়ানো হবে এবং পরিবেশ বিশেষজ্ঞদের পরামর্শে বনায়নের কার্যক্রম পরিচালনা করা হবে।”

ঢাকার যানজট সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, “পাবলিক বাহন উন্নত করতে পারলে ট্রাফিক সমস্যা অনেকটাই কমানো সম্ভব। মেট্রোরেলের সঙ্গে মনোরেলকে সংযুক্ত করে বিভিন্ন এলাকায় জনসেবা বৃদ্ধি করা যাবে।”

শিক্ষা ও ক্রীড়া খাতে সংস্কারের বিষয়ে তারেক রহমান বলেন, “প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ চালু করা হবে। আইটি পার্কগুলো সক্রিয় করা হবে এবং ফ্রি ওয়াইফাই ও কাজের স্থান প্রদান করা হবে।”

স্বাস্থ্যখাত ও পরিবেশ সুরক্ষার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “ঢাকায় কোনো সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সিস্টেম নেই। মেডিকেল ওয়েস্ট ডিসপোজালের সঠিক ব্যবস্থা না থাকায় জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ছে। কঠিন বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন ও রিসাইক্লিং কার্যক্রম চালু করা হবে।”

সভায় তিনি শেষ বলেন, “‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অংশগুলো বাস্তবায়িত হলে দেশের মানুষ কিছুটা হলেও প্রাপ্তবয়স্কদের পানি, পরিবেশ, স্বাস্থ্য ও শিক্ষার সমস্যা সমাধান দেখতে পারবে। এর জন্য সবার সহযোগিতা চাই।”

তারেক রহমান আরও দাবি করেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত জনগণের জন্য স্পষ্ট পরিকল্পনা দিতে পারেনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!