রাজনীতি

সিলেট থেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরু করবে বিএনপি

আপডেট: জানু ২১, ২০২৬ : ০৭:৩২ এএম ১৭
সিলেট থেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরু করবে বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি এবারও প্রচারাভিযান শুরু করবে ‘৩৬০ আউলিয়ার পুণ্যভূমি’ সিলেট থেকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে।

আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি সিলেটের দুই ওলি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় যোগ দেবেন।

সিলেট বিএনপি সূত্রে জানা যায়, জনসভায় তারেক রহমান সিলেটের ৬টি ও সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ তুলে দেবেন। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান ঘোষণা করবেন।

দলের চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। প্রথম নির্বাচনী জনসভায় প্রায় ৩ লাখ বা তারও বেশি নেতাকর্মী ও সমর্থক অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করতেন। এবারও তারেক রহমান ঐতিহ্য বজায় রেখে সিলেট থেকে প্রচার শুরু করছেন।”

নির্ধারিত কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকেলে সিলেটের জনসভা শেষ করে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

জনসভাকে ঘিরে বিপুল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। উপস্থিত থাকবেন চেকপোস্ট, মেটাল ডিটেক্টর, সিসিটিভি নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও দ্রুত প্রতিক্রিয়া দল। মহানগরীতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে সিলেটে এসেছিলেন তারেক রহমান। তখন তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ ২২ বছর পর তার এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!