রাজধানীর কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণ ও বিতরণের নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবায়নযোগ্য নয় বলে উল্লেখ করে ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এটি সরাসরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন।
আজ বুধবার (২১ জানুয়ারি ) ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য নয় এবং এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। তিনি প্রশাসন ও বিএনপির সহমিলনের সম্ভাবনারও প্রশ্ন তোলেন।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির পক্ষে একাধিক গণমাধ্যম কাজ করছে এবং অনেক সংবাদমাধ্যম বিএনপির পক্ষেই ভূমিকা রাখছে। একই সঙ্গে তারেক রহমানের ফ্যামিলি কার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতিও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ের পর শাপলা কলি প্রতীক পেতে সক্ষম হয়েছেন। তবে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন বৈষম্য করেছেন বলেও অভিযোগ তোলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তার নির্বাচনী এজেন্ডার মধ্যে থাকবে ওসমান হাদির বিচার সম্পন্ন করা, চাঁদাবাজি প্রতিরোধ ও দখলদারদের বিরুদ্ধে লড়াই। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
এর পাশাপাশি ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক পেয়েছেন। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হবে।
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!