রাজনীতি

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৫:১২ এএম
সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

সরকারের একটি মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিছু নির্দিষ্ট প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে রাজধানীর শান্তিবাগ স্কুল এবং পুরাতন রমনা থানা জামে মসজিদ সংলগ্ন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন। মির্জা আব্বাস বলেন, একজন রাষ্ট্রের প্রধান যখন নির্দিষ্ট কাউকে ইঙ্গিত করে বলেন যে তিনি জয়ী হয়ে আসবেন, তখন সেটি কোনো ইঙ্গিত ছাড়া হয় না। এর অর্থ, কাউকে জয়ী করার চেষ্টা থাকবে। তিনি বলেন, এসব বিষয়ে তিনি অনেক কিছু জানেন এবং প্রয়োজনে প্রমাণ দিতে পারবেন।

নির্বাচনী এলাকার এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জবাব দেওয়ার বয়স বা মানসিকতা তাঁর নেই। তিনি বলেন, কেউ যদি জয়ের ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়ে থাকে, তবেই এমন আচরণ করে। নিজের জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, অতীতে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই তিনি জয়ী হয়েছেন। যদি এবার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তিনি আবারও বিজয়ী হবেন বলে প্রত্যাশা করেন।

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করতে পারে। এতে তাঁরা কতটা ক্ষতিগ্রস্ত হবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে এ ধরনের চেষ্টা থাকবে বলে তিনি মনে করেন।

তবে এসব আশঙ্কা সত্ত্বেও দলের নেতা-কর্মীদের মনোবলের কথা উল্লেখ করে তিনি বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয় অর্জন করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!