মানুষ ফ্যামিলি কার্ড বা ফ্ল্যাট চায় না, তারা নিরাপদ জীবন চায়—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট দেওয়ার ঘোষণার সমালোচনা করে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীতে জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি যে দুই থেকে তিন হাজার টাকার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, সেটি কারা পাবে—সে বিষয়ে কোনো স্পষ্টতা নেই। প্রকৃত দরিদ্ররা আদৌ সেই কার্ড পাবেন কি না, নাকি কার্ড পেতে ঘুষ দিতে হবে—সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, একদিকে দরিদ্রদের সহায়তার কথা বলা হচ্ছে, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হচ্ছে। যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তারা ক্ষমতায় গিয়ে আবারও লুটপাটে জড়াবে—এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে উচ্ছেদের ইঙ্গিত হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বস্তিবাসীরা ফ্ল্যাট নয়, নিরাপদ জীবন চায়। অতীত অভিজ্ঞতা থেকে তারা বুঝে গেছে, ফ্ল্যাটের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের পর উচ্ছেদ করা হয়। এখন বস্তিবাসী এসব প্রতিশ্রুতির ফাঁদে পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও স্বচ্ছ হতে হবে। কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায় হলে তা মেনে নেওয়া হবে না।
গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন শুধু সাংসদ বাছাইয়ের নয়, এটি একটি গণভোটও। বৈষম্য, চাঁদাবাজি, জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, তার লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সেই আন্দোলনকে সফল পরিণতির দিকে নিতে হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!