বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ (শনিবার)।
এ উপলক্ষে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতা–কর্মীরা বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত করেন।
দলীয় সূত্র জানায়, আজ সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয়, মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।
এ ছাড়া বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুর ২টায় বনানী কবরস্থানে কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। ১৯৬৯ সালের ১২ আগস্ট তাঁর জন্ম। তিনি একজন ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন এবং ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বর্তমান বিসিবি) উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এ ছাড়া ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি।
২০০৭ সালে সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ৩ সেপ্টেম্বর ভোরে মাতা খালেদা জিয়ার সঙ্গে রাজধানীর সেনানিবাসের বাসা থেকে গ্রেপ্তার হন কোকো। পরের বছর ২০০৮ সালের জুলাইয়ে চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান। এরপর তিনি মালয়েশিয়ায় অবস্থান নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই বসবাস করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।
No comments yet. Be the first to comment!