বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং ‘হাইপার প্রোপাগান্ডার’ অংশ।
আজ শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, তারেক রহমান নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন। পরে নির্বাচন কমিশনের বিধি ও নির্দেশনা অনুসরণ করেই তিনি প্রচারণা চালান। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের কোনো ভিত্তি নেই।
রিজভী আরও দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বগুণ ও বক্তব্যে প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওয়ান–ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে কোকোর অকাল মৃত্যু হয়েছে বলে বিএনপি মনে করে।
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দিন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা তাঁর কবর জিয়ারত করেন এবং দোয়া করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!