কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “টাকার বিনিময়ে ভোট দিলে পাঁচ বছর শুধু ভোগ করতে হবে। আপনারা আমাকে একবার বিনা পয়সায় ভোট দিন, পাঁচ বছর বিনা পয়সায় সেবা পাবেন। আমার প্রতীক শাপলা কলির জন্য শুধু একটি ভোট ও দোয়া চাই।”
শুক্রবার দুপুরে দেবিদ্বার উপজেলার ছোটনা হাইস্কুল মাঠে নির্বাচনি পদযাত্রায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “রাজনীতিতে যেন লুটেরা, ব্যাংক ডাকাতরা ঢুকতে না পারে—তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এরা নিজেদের অবৈধ টাকা নিরাপদ করতে রাজনীতিকে ব্যবহার করে। যারা রাজনীতিকে পেশা বানিয়ে সন্ত্রাস ও লুটপাট চালায়, তাদের প্রতিহত করতে হবে।”
তিনি আরও বলেন, “রাজনীতি গণমানুষের সঙ্গে যুক্ত না থাকলে তা ক্ষমতার রাজনীতিতে পরিণত হয়। আমরা রাজনীতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। গণমানুষের রাজনীতি আমাদের লক্ষ্য।”
সমাবেশে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!