বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। নির্বাচন হওয়ার আগের রাতেই ভোট হয়ে গেছে। এখন ভোটারদের সামনে একটি সুযোগ এসেছে—সেই সুযোগ কাজে লাগাতে হবে।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটহরি বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “হাসিনা আপা চলে গেছেন ভারতে। তিনি ভারতে গেছেন, এতে আমাদের আপত্তি নেই। কিন্তু এলাকার কর্মী-সমর্থকদের বিপদের মুখে রেখে কেন চলে গেলেন? আমরা স্পষ্ট করে বলতে চাই—আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, তারা শাস্তি পাবে। আর যারা অন্যায় করেনি, তাদের কোনোভাবেই হয়রানি হতে দেব না।”
নিজ এলাকা নিয়ে নিজের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই। এই আসন থেকে আমি কখনো জিতেছি, কখনো হেরেছি—কিন্তু আপনাদের ছেড়ে কখনো যাইনি। আমার বয়স ৭৮ হলেও মন এখনো তরুণ। সুযোগ পেলে এলাকার সমস্যার সমাধানে আরও অনেক কাজ করতে পারব।”
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশে আমরা সবাই একসঙ্গে বসবাস করি—মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান। আমাদের এলাকাতেও আমরা একসঙ্গে চলি। একে অন্যের উৎসবে অংশ নিই। এই বন্ধন অটুট রাখতে চাই। সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।”
তিনি আরও বলেন, “এখন একটি দল আসছে—জামায়াত। তারা আগে কখনো ক্ষমতায় এসে মানুষের জন্য কী করেছে? কাজ করেছে বিএনপি। বিএনপিই পরীক্ষিত দল। সামনে আমরা আরও স্কুল, রাস্তা, হাসপাতাল করব। ছেলেমেয়েদের জন্য চাকরির ব্যবস্থা করব।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!