গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের কোনো আইনগত বাধা নেই। এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
শনিবার (২৪ জানুয়ারি) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিদ্যমান সংবিধান, জুলাই জাতীয় সনদ বা গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কোথাও বলা নেই যে সরকারি কর্মচারীরা ইতিবাচক প্রচারণা করতে পারবেন না। প্রচারণায় আইনগত বাধা আছে এমন কোনো রেফারেন্স নেই।”
তিনি বলেন, যারা এ বিষয়ে বাধা আছে বলে প্রচার করছে, তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। নৈতিক প্রশ্ন উঠলে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আপনারা কোন নৈতিকতার কথা বলছেন—যা তরুণদের রক্ত, আত্মদান এবং অধিকার প্রতিষ্ঠার লড়াইকে অস্বীকার করে?”
বিশেষ সহকারী আরও উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার তিনটি ম্যান্ডেটের ওপর কাজ করছে—সংস্কার, বিচার ও নির্বাচন। সরকার নির্বাচন পরিচালনা করে না, বরং নির্বাচন কমিশনের মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি করে। বিচারও আদালতের মাধ্যমে পরিচালিত হবে; সরকার শুধু নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করবে।
তিনি বলেন, বিগত স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে যারা প্রাণ দিয়েছে বা পীড়িত হয়েছে, তারা আমাদের হাতে একটি দায়িত্ব দিয়েছে—আগামী বাংলাদেশকে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থায় উন্নীত করা।
সভায় উপস্থিত ধর্মসচিব কামাল উদ্দিন বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে আমাদের সন্তানদের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যাওয়া সম্ভব হবে।
সভায় সিলেট বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ধর্মীয় নেতারা, সুশীল সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!