বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের দেশে হিন্দু, বৌদ্ধসহ অন্যান্য ধর্মের মানুষ বাস করছে। ধর্মকে রাজনীতিতে টেনে আনা হলে পক্ষপাতিত্ব হবে। তাই রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয়।”
আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে দলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল আরও বলেন, “আমি ১৫ বছর মামলা আর পুলিশের তাড়ায় ছিলাম। বিএনপির এমন কেউ নেই যার বিরুদ্ধে মামলা হয়নি। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। ঠাকুরগাঁওয়ে দিয়েছে সাড়ে ৭ হাজার। অনেক কষ্ট হয়েছে, টাকা খরচ হয়েছে। হাসিনা সরকারের পরে মামলা তুলে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ যা করেছে, তা বিএনপি করবে না।”
তিনি বিএনপির নীতিনির্ধারণের প্রসঙ্গে বলেন, “জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির পার্থক্য হলো—আমরা পরীক্ষীত দল। ক্ষমতায় এলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে চাল-ডাল, আটা পাবেন। হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন। সন্তানদের শিক্ষায় ভূমিকা রাখতে পারবেন। কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে এবং সার-বিষ ন্যায্যমূল্যে পাওয়া যাবে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!