দেশে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি বন্ধ না করলে সংশ্লিষ্টদের ‘কমপ্লিট লালকার্ড’ দেখানো হবে।
আজ রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘এই দেশে এখন নতুন একটি পেশা বেশ ভালোভাবে চলছে। সেই পেশার নাম—চাঁদাবাজি।’ তিনি জনসভায় উপস্থিতদের প্রশ্ন করেন, কেউ কি চাঁদাবাজের ভাই, বাবা, সন্তান, স্ত্রী, মা বা বোন হতে রাজি আছেন? উপস্থিত জনতা একযোগে “না” বলে সাড়া দেয়।
জামায়াত আমির বলেন, ‘আজকের এই জনসভা থেকে যারা এই পেশার সঙ্গে যুক্ত, তাদের বলব—ভালো পথে ফিরে আসুন। ইনশাআল্লাহ, আপনাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করার চেষ্টা করা হবে।’
তবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যদি এই পথ বাদ না দেন, তাহলে আমাদের পক্ষ থেকে একদম স্পষ্ট—কমপ্লিট লালকার্ড। আমরা চাঁদাবাজিকে ঘৃণা করি। এটা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই সেটাই আমাদের বিজয়।’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!