রাজনীতি

প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না : তারেক রহমান

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৫:০৩ এএম
প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না : তারেক রহমান

রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বলে জনগণের কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের প্রকৃত লাভ তখনই হবে, যখন পরিকল্পিতভাবে খাল খনন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী শহরের সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। জনসভায় বক্তব্যে তিনি বলেন, চাইলে তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনা করতে পারতেন। তবে তাতে জনগণের কোনো উপকার হবে না। জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের দিকেই বিএনপির মনোযোগ।

তারেক রহমান বলেন, দেশের খেটে খাওয়া নারী সমাজের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির। এই কার্ডের মাধ্যমে গৃহিণীরা মাসিক একটি নির্দিষ্ট সহায়তা পাবেন। একইসঙ্গে কৃষকদের জন্য চালু করা হবে ‘কৃষক কার্ড’, যার মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের পাশাপাশি সারা দেশে কমিউনিটি পর্যায়ে হেলথকেয়ার ব্যবস্থা গড়ে তোলা হবে। ঘরে ঘরে মা-বোনদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

এক বছর আগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে সংঘটিত ভয়াবহ বন্যার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধে সারা দেশে খাল খননের উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষি ও জনজীবনে দীর্ঘমেয়াদি সুফল আসবে।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, চট্টগ্রামে ইপিজেড স্থাপনের মতো ফেনী অঞ্চলেও শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার ব্যবস্থা করা হলে তারা আরও ভালো কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং দেশে বেশি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর মানুষের কথা বলার ও ভোটাধিকার দমন করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরশাসনের পতন ঘটেছে। এখন একটি নতুন পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে।

জনসভায় বৃহত্তর নোয়াখালীর তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। এ ছাড়া তিনি ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!