ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান বলেছেন, বিএনপি সবসময়ই স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে বাংলাদেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত ‘কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম।
নির্বাচনী এলাকা নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে হামিদুর রহমান বলেন, “পুরান ঢাকা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে বুড়িগঙ্গার দূষণ, ডেঙ্গু আতঙ্ক এবং যত্রতত্র ছড়িয়ে থাকা রাসায়নিক গুদাম জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানসহ পুরান ঢাকার তীব্র গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”
জুলাই-আগস্টের আন্দোলনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের ফলে আমরা দীর্ঘ সময় পর সত্যিকারের স্বাধীনতা ফিরে পেয়েছি। তরুণ সাংবাদিকদের কাছে আমার প্রত্যাশা— লেখনীর মাধ্যমে এই বিপ্লবের শহীদদের কলমের মাধ্যমে তুলে ধরবেন।”
অনুষ্ঠানে কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি মো. ইয়াসিন শেখ। এছাড়া কলেজের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেরা প্রতিবেদনের জন্য একদল তরুণ সাংবাদিকের হাতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!