বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের আমানতের মালিক নয়, চৌকিদার হতে চান। তিনি বলেন, “মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করার আমাদের কোনো ইচ্ছে নেই। যদি আপনারা বিশ্বাস করে আপনাদের আমানত আমাদের কাছে দেন, আমরা আগামী পাঁচ বছর চৌকিদার হয়ে তা রক্ষা করব। স্পষ্টভাবে বলতে চাই, আমরা মালিক হবো না, চৌকিদার হবো।”
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজী মো. এনায়েত উল্লাহর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক আব্দুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, যারা বলছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, তারা আগে নিজেই ঠিক হোক। বেছে বেছে ঋণখেলাপিদের নিয়ে নির্বাচন করা যায় না। যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়, তাদেরকে ঋণখেলাপিদের বাদ দিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, যে দল চাঁদা না পেলে নিজের দলের লোকদেরই মেরে ফেলে, সেই দলের সঙ্গে দাঁড়াতে আপনাদের অবশ্যই চিন্তা করা উচিত। “আমরা সময়ের এমন বাস্তবতার সামনে দাঁড়িয়েছি, যখন সময় আমাদের বলে—তোমরা কি আলোকে বেছে নেবে নাকি অন্ধকার।”
যুবকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যুবকদের বেকার ভাতা দেব না। তাদের হাতে কাজ তুলে দেব, যাতে তারা সম্মানের সঙ্গে বাঁচতে পারে। যুবকরা আমাদের অনুপ্রেরণা।”
গণভোটের বিষয়ে তিনি বলেন, “‘হ্যাঁ’ মানে আজাদির পক্ষে, ‘না’ মানে গোলামির পক্ষে। ঘরে ঘরে আমরা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা করব। ইনশাআল্লাহ, ‘হ্যাঁ’ বিজয়ী হবে।”
ঢাকা-৭ আসনে ভোট দিয়ে হাফেজ হাজী মো. এনায়েত উল্লাহকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ওল্ড ইজ গোল্ড। সোনা যত পুরাতন হয়, তত খাটি হয়। আমরা পুরান ঢাকাকে আধুনিক নয়, গোল্ড বানাবো।”
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান এনায়েত উল্লাহর হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন।
নির্বাচনী আইন অনুযায়ী, গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সব দলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!