রাজনীতি

সিট দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ : মির্জা আব্বাস

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৫:৪০ এএম ১১
সিট দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ : মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আসন দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ। জনগণের ভোটই ক্ষমতার একমাত্র উৎস। কোনো দল বা গোষ্ঠী কাউকে আসন দেওয়ার মালিক নয়; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আল্লাহ এবং জনগণ।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর মালিবাগ ও শাহজাহানপুর এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তিনি শাহজাহানপুর রেলওয়ে কলোনি মৈত্রী সংঘ মাঠে প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মির্জা আব্বাস বলেন, “যেভাবে জনগণ আমাকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ভোট দিয়েছিলেন, আজও তারা আমার ও আমার দলের কার্যক্রম বিবেচনা করে আমাকে নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ।”

জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থান বিষয়ে বক্তব্যের সঠিক মূল্যায়ন জনগণই করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কেউ বলেছেন ঢাকা শহরে তারা আমাদের কোনো আসন দেবেন না। আসন দেওয়ার মালিক কে? আল্লাহ ও জনগণ। জনগণের ঊর্ধ্বে গিয়ে কথা বলা স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক আচরণ।”

স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলে বিএনপিতে ফেরার সম্ভাব্য প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সম্পূর্ণ ওই প্রার্থীর ব্যক্তিগত বিষয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মানুষকে ঘায়েল করতে সব ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে। মিথ্যা ডকুমেন্টারি বানানো হচ্ছে, বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলা হয়েছে। এসবের কোনো সত্যতা নেই।”

নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আমি চাই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। তবে কিছু দলের কথাবার্তা ও সরকারের একটি মহলের আচরণে মনে হচ্ছে ‘সামথিং ইজ রং’। তবুও জনগণ সচেতন এবং প্রতিবাদী।”

এলাকার সমস্যা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, “১৭ বছরে আমার এলাকা ধ্বংস হয়েছে—মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে। এই তিনটি ব্যাধি থেকে এলাকা রক্ষা করাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী; বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!