ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজী মো. এনায়েত উল্লাহর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ডাকসু ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে গত ৫৪ বছরে যে চটকদারি কথা বলার রাজনীতি হয়েছে, তা ভবিষ্যৎ বাংলাদেশে আর চলবে না।
সাদিক কায়েম বলেন, “বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাস দেখলে দেখা যায়, অনেক চটকদার কথা বলা হয়েছে, কিন্তু সেই কথার মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এমন চটকদারি রাজনীতি ভবিষ্যৎ বাংলাদেশে আর চলবে না, চলতে দেওয়া হবে না।”
তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, “আপনাদের অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে দাঁড়াতে হবে। এর বিকল্প নেই। একটি বড় রাজনৈতিক দল ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দেয়, কিন্তু হ্যাঁ এর পক্ষে কিছু বলছে না। আপনাদের অবস্থান স্পষ্ট করুন—হ্যাঁ নাকি না। দেশের জনগণ ১২ ফেব্রুয়ারি ভোটে তার যথাযথ জবাব দেবে।”
এসময় সাদিক কায়েম বলেন, “পুরান ঢাকায় পাথর দিয়ে মানুষ মারার ঘটনা আমরা দেখেছি। এই আসনে অনেক জুলুম হয়েছে। ইনসাফ প্রতিষ্ঠা করতে এনায়েত উল্লাহ ভাইকে বিজয় করতে হবে। তিনিই করতে পারবেন জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত।”
ডাকসু ভিপি আরও বলেন, জামায়াত ক্ষমতায় আসলে ৪০ লাখ যুবকের চাকরি নিশ্চিত করা হবে। বর্তমানে দেশে বেকার যুবকের সংখ্যা ২৫ লাখ। সকলকে চাকরির ব্যবস্থা করা হবে, যাতে দেশে আর কোনো বেকার না থাকে।
নির্বাচনী আইন অনুযায়ী, গত বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সব দলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার চলবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!