প্রায় দুই দশকের অপেক্ষার পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আসছেন নিজ পৈতৃক জেলা বগুড়ায়। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে তার নির্বাচনী জনসভা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। ফলে জনসভাকে ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে জনসভার নির্ধারিত স্থান আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাহ জানান, বগুড়ার মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করতে প্রস্তুত। জনসভা সুশৃঙ্খলভাবে সফল করতে সাংগঠনিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী সমাবেশ শেষে সড়কপথে বিভিন্ন এলাকায় পথসভা করতে করতে ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন।
লন্ডন থেকে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটি তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর। এর আগে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে বড় জনসভায় অংশ নিয়েছেন।
তার আগমনকে কেন্দ্র করে গাবতলী ও বগুড়া সদর উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে তৈরি হচ্ছে তোরণ, লাগানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। জনসভা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!