রাজনীতি

আজ চুয়াডাঙ্গায় যাচ্ছেন জামায়াতের আমির, চলছে প্রস্তুতি

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৬:০২ এএম
আজ চুয়াডাঙ্গায় যাচ্ছেন জামায়াতের আমির, চলছে প্রস্তুতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আজ সোমবার (২৬ জানুয়ারি) আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জেলা জামায়াতের আয়োজন এবং ১০ দলীয় ঐক্যের সমর্থনে বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন মাঠে অনুষ্ঠিত হবে বিশাল নির্বাচনী জনসভা, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

জেলা জামায়াত সূত্রে জানা গেছে, জনসভাকে ঘিরে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্রডকাস্টিং ও প্রচার-প্রচারণা চলছে, এবং নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা মঞ্চ এলাকা নিয়মিত পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি তদারকি করছেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।

এছাড়া বক্তব্য রাখবেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, এবং ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদসহ অন্যান্য উপজেলা পর্যায়ের নেতারা।

জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন।

জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, এই জনসভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন, যা নির্বাচনী মাঠে দলীয় অবস্থান শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তারা আশা করছেন, এই জনসভা চুয়াডাঙ্গার রাজনৈতিক মাঠে নতুন গতি সঞ্চার করবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!