নির্বাচনী প্রচারণায় দলীয় পরিচয়ে হামলার ঘটনাকে কেন্দ্র দখলের ‘প্র্যাকটিস ম্যাচ’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তাঁর মতে, এ ধরনের ঘটনা অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ঢাকা-১৮ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আদিবুল ইসলাম আদিবের ওপর যে হামলা হয়েছে এবং নির্বাচনী প্রচারণায় দলীয় পরিচয়ে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, তা পুরো নির্বাচনী প্রক্রিয়ায় নেতিবাচক বার্তা দিচ্ছে। এসব কর্মকাণ্ড সাধারণ ভোটার ও রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর কৌশল।
নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আজকের ঘটনা দেখে মনে হচ্ছে কেন্দ্র দখলের যে সংস্কৃতি রয়েছে, তার একটি প্রাথমিক মহড়া শুরু হয়ে গেছে। অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সময়ে ব্যালট বা প্রতীকের বিষয়কে উপেক্ষা করে অবৈধভাবে ভোট দেওয়ার মতো বক্তব্যও শোনা গেছে। এ ধরনের আগ্রাসী আচরণ সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী।
পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রতিপক্ষের প্রচার কার্যক্রমে বাধা দেওয়া এবং নারী কর্মীদের নিয়েও উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
তিনি বলেন, এই পরিস্থিতি এখন নির্বাচন কমিশনের জন্য একটি বড় পরীক্ষা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!