নির্বাচনী ইশতেহার প্রণয়নে জনগণের সরাসরি মতামত নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে উদ্যোগ নিয়েছে, তাতে দেড় মাসে ৩৭ হাজারের বেশি মতামত জমা পড়েছে। লিখিত মতামতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অডিও ও ভিডিও মতামতও পাওয়া গেছে বলে জানিয়েছে দলটি।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ফেসবুক পোস্টে তিনি জানান, গত ১০ ডিসেম্বর ২০২৫ ‘জনতার ইশতেহার’ নামে একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু করে জামায়াতে ইসলামী। এর মাধ্যমে দলের নির্বাচনী ইশতেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত করা যেতে পারে—সে বিষয়ে দেশের সর্বস্তরের মানুষের মতামত আহ্বান করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে এ পর্যন্ত ৩৭ হাজারটিরও বেশি মতামত পাওয়া গেছে। এসব মতামত এসেছে জাতীয় খাতভিত্তিক, ৩০০ সংসদীয় আসনভিত্তিক, পেশাভিত্তিক, অঞ্চল, শহর ও জেলাভিত্তিক বিভিন্ন শ্রেণি থেকে। লিখিত মতামতের পাশাপাশি অডিও ও ভিডিও আকারে দেওয়া মতামত মানুষের আশা-আকাঙ্ক্ষা, অভিজ্ঞতা ও অনুভূতিকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে জনগণের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণে দলটি অনুপ্রাণিত হয়েছে।
জামায়াতে ইসলামীর আমির বলেন, জনগণের এই অংশগ্রহণই প্রমাণ করে, দলের নির্বাচনী ইশতেহার হবে প্রকৃত অর্থেই জনতার ইশতেহার। তিনি আশা প্রকাশ করেন, এই মতামতের আলোকে একটি ন্যায়ভিত্তিক, জনবান্ধব ও দায়িত্বশীল বাংলাদেশের রূপরেখা তৈরি করা সম্ভব হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!