রাজনীতি

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য পরিস্থিতি ভয়াবহ হবে: নাসির

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৫:৩২ পিএম
জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য পরিস্থিতি ভয়াবহ হবে: নাসির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, জামায়াত যদি কোনোভাবে রাষ্ট্রক্ষমতায় যেতে পারে, তবে নারীদের জন্য এক চরম প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হবে। তার ভাষায়, জামায়াতের ক্ষমতায় যাওয়ার অর্থই হবে নারীদের ঘরে বন্দি করে রাখা, কর্মক্ষেত্রে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া এবং সামাজিকভাবে অবমাননার মুখে ফেলা।

আজ সোমবার (২৬ জানুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে জামায়াত নেতা মো. শামীম আহসানের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ওই পোস্টে নাসির উদ্দিন নাসির বলেন, ডাকসু বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্ররাজনীতির সূতিকাগার। ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি ঐতিহাসিক অর্জনে ডাকসুর ভূমিকা রয়েছে। এমন একটি প্রতিষ্ঠানকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা জামায়াতী রাজনীতির দেউলিয়াপনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার নারী শিক্ষার্থীকে নিয়ে এ ধরনের অশালীন বক্তব্য স্পষ্টতই পদ্ধতিগত নারী-বিদ্বেষের বহিঃপ্রকাশ। তিনি দাবি করেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা তাদের নারী-বিরোধী মানসিকতারই ঐতিহাসিক উদাহরণ।

ডাকসুর বর্তমান নেতৃত্বের সমালোচনা করে ছাত্রদল নেতা বলেন, জামায়াত নেতার এমন মন্তব্যের পরও ডাকসুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ না আসা রহস্যজনক। তার মতে, এ নীরবতা প্রমাণ করে যে বর্তমান ডাকসু নেতৃত্ব জামায়াতের প্রভাবাধীন।

নাসির উদ্দিন নাসির ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করা এবং নারী শিক্ষার্থীদের মর্যাদাহানির জন্য দল হিসেবে জামায়াতে ইসলামীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

ফেসবুক পোস্টের অন্য অংশে ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমার কর্মকাণ্ডেরও সমালোচনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, একের পর এক স্বেচ্ছাচারী ও অমানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সর্বমিত্র চাকমা ছাত্র প্রতিনিধিত্বের সীমা লঙ্ঘন করেছেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

নাসির উদ্দিন নাসির দাবি করেন, এসব কর্মকাণ্ডের পেছনে একটি গোষ্ঠীর ইন্ধন রয়েছে। এ বিষয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!