রাজনীতি

চাঁদা না দেওয়ায় সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি জামায়াতের

আপডেট: জানু ২৭, ২০২৬ : ০৫:৩৩ এএম
চাঁদা না দেওয়ায় সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি জামায়াতের

চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে বলা হয়, ২৬ জানুয়ারি সন্ধ্যায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর কয়েকজন সদস্য পরিবারের সদস্যদের নিয়ে ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাঁদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা এতে আপত্তি জানালে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

এই ঘটনায় সাংবাদিক মো. মহসিন কবির, মোহাম্মদ শাহেদ, এস এম ফয়েজ ও ক্র্যাবের এক স্টাফ লালসহ অন্তত ১০ জন আহত হন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চাঁদাবাজির উদ্দেশ্যে পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক ও বর্বর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!