রাজনীতি

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা: আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

আপডেট: জানু ২৮, ২০২৬ : ০৬:৫৭ এএম
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা: আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাঙ্গুনিয়া থানা পুলিশ চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন জমা দেয়। এর আগে গত ১১ জানুয়ারি দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুজ্জোহা সিকদার, সাধারণ সম্পাদক মো. ইউনুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এ ছাড়া যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের আরও ২১ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মো. সরওয়ার, নাজিমুদ্দিন, রাসেল, মহসীন, জাহেদ, আলমগীর, নঈমুল ইসলাম, পাভেল বড়ুয়া, মো. জাহেদ, ইকবাল হোসেন, নাহিম, এনামুল হক, রাসেল, সাইফুল, মাহাবুব, আনোয়ার, নেসার উল্লাহ, বেলাল, মুজাহিদ, বাপ্পা ও মো. হারুন।

মামলার বাদী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক জানান, প্রথম দফা তদন্তে কাউকে দায়ী না করায় তাঁরা আদালতে রিভিশন আবেদন করেন। পরে আদালতের নির্দেশে নতুন করে তদন্ত চালিয়ে পুলিশ এই প্রতিবেদন দিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৮ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে ১১৫ জন নিহত হন। ওই ঘটনার পর এলাকা পরিদর্শনের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল রাঙামাটির উদ্দেশে যাত্রা করে। পথে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় তাদের গাড়িবহরে হামলা চালানো হয়।

রড ও ধারালো অস্ত্র নিয়ে চালানো ওই হামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমানসহ কয়েকজন আহত হন। ঘটনার পর প্রতিনিধিদলটি চট্টগ্রামে ফিরে আসে।

ঘটনার পর বিএনপি হামলার জন্য রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে দায়ী করলেও তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। এ ঘটনায় ২০১৭ সালের ২১ জুন চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!