রাজনীতি

‘ঠেলার নাম বাবাজি, না–ভোটের লোক এখন হ্যাঁ বলছে’: জামায়াত আমির

আপডেট: ফেব ০৩, ২০২৬ : ০৬:১৫ এএম
‘ঠেলার নাম বাবাজি, না–ভোটের লোক এখন হ্যাঁ বলছে’: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১২ তারিখে দুটি ভোট হবে। একটি ভোট হবে ‘হ্যাঁ’—যা জুলাই বিপ্লবকে বুকে ধারণ করার ভোট। তাঁর ভাষায়, জুলাই আছে বলেই ২০২৬ সালে নির্বাচন আছে। জুলাই না থাকলে ২০২৬ সালে কোনো নির্বাচনই থাকবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে জামায়াতে ইসলামীসহ ১১ দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, যারা জুলাইকে মানে না, তাদের জন্য আবার কিসের নির্বাচন? যারা জুলাইয়ের চেতনাকে ঐতিহ্যের সঙ্গে বুকে ধারণ করেছে, তাদের জন্যই নির্বাচন। প্রথমে যারা ‘না’ ভোটের কথা বলেছিল, তারাই এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে। কেউ কেউ বলছে, আমরা গণভোটে ‘হ্যাঁ’ দেব। দোয়া করি, তাদের মুখের কথা যেন বুকের কথাই হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ঠেলা খেলে নাকি বাবা ঠিক হয়—ঠেলার নাম বাবাজি।

জামায়াত আমির আরও বলেন, তিনি শুধু জামায়াতে ইসলামীর বিজয় চান না; তিনি ১৮ কোটি মানুষের বিজয় চান। তাঁর মতে, ভবিষ্যতে যুবকরাই রাষ্ট্র পরিচালনা করবে। ডাকসু থেকে শুরু হয়ে গণতান্ত্রিক ধারার যাত্রা বিভিন্ন পর্যায়ে এসেছে। তিনি বলেন, যুবকদের শুধু চাকরির প্রতিশ্রুতি নয়; বরং সুশিক্ষায় শিক্ষিত, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বীরেরা কখনো মরে না; তারা জীবন দিয়ে প্রমাণ করে যায় দেশ ও মানুষের জন্য আত্মত্যাগের অর্থ কী। তাঁরা সৎ রাজনীতির শিক্ষা দিয়ে যান। আমরা জীবন দেব, কিন্তু জুলাইয়ের চেতনা কাউকে কেড়ে নিতে দেব না।

তিনি দাবি করেন, সাড়ে ১৫ বছর ধরে জনগণ মজলুম ছিল; অথচ গত ১৫ মাসেই অনেকে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে দেশে কোনো ধরনের দুর্নীতি করতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে তিনি বলেন, মাঘ মাসেই যদি মাথা এত গরম হয়, তবে চৈত্র মাসে কী অবস্থা হবে? মাথা গরম হলে মানুষ দিগভ্রান্ত হয়। আগামী বাংলাদেশের নির্মাতা হবে যুবকরাই—তারা ঘুমিয়ে নেই।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি ইঙ্গিত করে ফ্যামিলি কার্ড প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, এক হাতে ফ্যামিলি কার্ড আর অন্য হাতে মায়ের গায়ে হাত—এ ধরনের রাজনীতির কোনো মূল্য নেই। তাঁর ভাষায়, মায়ের মর্যাদার কাছে ফ্যামিলি কার্ড কিছুই নয়।

সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মা-বোনদের গায়ে হাত দেওয়া হলে এমন আগুন জ্বলে উঠবে, যা কেউ নেভাতে পারবে না। ভয়ভীতি দেখিয়ে তাঁদের পথ পরিবর্তন করা যাবে না। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত তাঁরা থামবেন না বলেও মন্তব্য করেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!