বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের দলীয় মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১৯৭৭ সাল থেকে তিনি এ এলাকায় নির্বাচন করে আসছেন। তবে নির্বাচনের আগে কখনোই নিশ্চিত করে বলতে পারেননি যে তিনি জয়লাভ করবেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়েও তিনি এখনো বলতে পারেন না যে তিনি নিশ্চিতভাবে জিতবেন। অথচ যারা কখনো নির্বাচন করেনি, যাদের জনসম্পৃক্ততা নেই, নিজ এলাকায় পরিচিত নয় এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কখনো সম্পৃক্ত ছিল না, তারা কীভাবে নিশ্চিত করে জয়লাভের কথা বলেন—সে প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, যারা বাস্তবতায় জয়ের সম্ভাবনায় নেই, তারা যদি আগেই নিজেদের বিজয়ী বলে ধরে নেয়, তাহলে তা সন্দেহজনক। তাঁর মতে, এতে নির্বাচনে কারচুপির আশঙ্কা তৈরি হয় এবং ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ চিন্তাভাবনার ইঙ্গিত পাওয়া যায়।
নারীসমাজ নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, সংশ্লিষ্ট নেতা আগেও এ ধরনের বেফাঁস মন্তব্য করেছেন। তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি হলেও এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এ ধরনের মন্তব্যের মাধ্যমে নারীদের প্রতি অসম্মান দেখানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যকে ‘আইডি হ্যাক’ দাবি প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, এত দ্রুত সময়ের মধ্যে হ্যাক হওয়া আইডি উদ্ধার করা সম্ভব—এ বিষয়টি তাঁর জানা ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!