রাজনীতি

‘আই হ্যাভ এ প্লান’ বলার পর দেশে খুন–হত্যা শুরু হয়েছে: রাশেদ প্রধান

আপডেট: ফেব ০৩, ২০২৬ : ০৫:৪১ পিএম
‘আই হ্যাভ এ প্লান’ বলার পর দেশে খুন–হত্যা শুরু হয়েছে: রাশেদ প্রধান

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, ‘আই হ্যাভ এ প্লান’ বক্তব্যের পর থেকেই দেশে খুন–হত্যা শুরু হয়েছে। তিনি বলেন, লন্ডন থেকে আসা একজন নেতা নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় দেশে সহিংসতা বাড়ছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন রাশেদ প্রধান।

সভায় তিনি অভিযোগ করেন, পরিবারের মা–বোনদের সম্মান দেওয়ার কথা বললেও বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকায় নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে। তিনি বলেন, নতুন বাংলাদেশে মা–বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

রাশেদ প্রধান বলেন, এ অঞ্চলের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতীতে বিএনপি–জামায়াতের ঐক্যকালে এক ধরনের বক্তব্য দিয়েছেন, আর বর্তমানে ভিন্ন বক্তব্য দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, কখনো বলা হচ্ছে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বাংলাদেশ আফগানিস্তান হবে, কখনো পাকিস্তান হবে। তিনি বলেন, জুলাই–পরবর্তী গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ এ ধরনের রাষ্ট্রব্যবস্থা চায় না এবং নতুন বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তর করতে চায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, দায়িত্বশীল ও সংযত ভাষায় বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। কার সম্পর্কে কী বলা হচ্ছে, সেটি বুঝে বলা উচিত।

সভায় তিনি ঠাকুরগাঁও–১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের প্রসঙ্গ তুলে বলেন, তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এবং রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, দেলাওয়ার হোসেন জনগণের মধ্যে থেকেই রাজনীতি করেছেন।

রাশেদ প্রধান আরও বলেন, আগের মতো কেন্দ্র দখল বা ভোটাধিকার হরণ করা যাবে না। তিনি ছাত্র ও যুবকদের উদ্দেশে ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান। তাঁর ভাষ্য, আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ, যেখানে জনগণ জনপ্রতিনিধিদের কাছে সরাসরি দাবি জানাতে পারবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!