রাজনীতি

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা আটক

আপডেট: ফেব ০৪, ২০২৬ : ০৫:১৬ এএম
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা আটক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক আইসিটি কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টার পর হ্যাকের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করতে রাজারবাগ পুলিশ লাইন এলাকার সরকারি কোয়ার্টারে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।

উল্লেখ্য, গত শনিবার রাতে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ছিল। পরে সংশ্লিষ্ট পোস্টটি এক্স অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়।

এ ঘটনায় জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, সাইবার হামলার মাধ্যমে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়েছে। ওই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে দলটি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!