রাজনীতি

এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির

আপডেট: ফেব ০৪, ২০২৬ : ০৫:২১ এএম
এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক করার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সুষ্ঠু বিচার এবং আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান তিনি।

এ ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করার পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন জামায়াত আমির।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ভেরিফায়েড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক করা হয়েছিল, সে–সংক্রান্ত ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে।’

তিনি আরও লেখেন, ‘এখন আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি। দেশ থেকে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।’

জামায়াত আমির মনে করেন, এ ঘটনা সংশ্লিষ্টদের জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে। তিনি বলেন, ‘আমি অপেক্ষায় আছি—আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য।’

দ্রুত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ডা. শফিকুর রহমানের এক্স আইডি থেকে দেওয়া একটি আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে জামায়াতে ইসলামী জানায়, সাইবার হামলার মাধ্যমে ওই পোস্ট প্রকাশ করা হয়েছিল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!