রাজনীতি

বিএনপি সবার জন্য সমান সুযোগে বিশ্বাস করে: ডা. জুবাইদা রহমান

আপডেট: ফেব ০৪, ২০২৬ : ০৩:৩৫ পিএম
বিএনপি সবার জন্য সমান সুযোগে বিশ্বাস করে: ডা. জুবাইদা রহমান

বিএনপি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শ্রমের মর্যাদা, মেধার যথাযথ মূল্যায়ন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির পেশাজীবী বিভাগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, বিএনপি একটি মেধাভিত্তিক চাকরি ব্যবস্থা, বৈষম্যহীন সমাজ এবং ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে। শোষণের আগে সুবিচার নিশ্চিত করেই একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চায় দলটি। সেখানে নেতার আগে জনতা থাকবে অগ্রাধিকার তালিকায়।

ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপির রাজনীতি পরিকল্পনার রাজনীতি। “আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা; সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা।” এই দর্শনকে সামনে রেখেই আগামীর রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে বিএনপি অগ্রসর হতে চায় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, প্রত্যেকের জীবনেই নানা সংকট ও চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো অস্বীকার না করে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাওয়াই বিএনপির রাজনীতির দর্শন।

মতবিনিময় সভায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, অংশগ্রহণকারীরা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে সভায় উপস্থিত হয়েছেন এবং সাহসের সঙ্গে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। তাঁদের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শোনা হবে এবং সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সমতা, জ্ঞান ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ—এই আদর্শ ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!