রাজনীতি

প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: ডা. শফিকুর রহমান

আপডেট: ফেব ০৪, ২০২৬ : ০৩:৩৮ পিএম
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: ডা. শফিকুর রহমান

প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিকে প্রত্যাখ্যান করে ক্ষমা ও নৈতিকতার রাজনীতির বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, যারা তাঁর চরিত্র হনন করেছেন, তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, প্রতিশোধ নয়—ক্ষমা, সহনশীলতা ও নৈতিকতাই আগামীর বাংলাদেশ গড়ার পথ। সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে পরিকল্পিতভাবে নানা ধরনের আক্রমণ চালানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিজেকে একজন ‘আহত সৈনিক’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, চারদিক থেকে তাঁর দিকে ‘মিসাইল’ ছোড়া হলেও তিনি পাল্টা কোনো ‘অ্যান্টি-মিসাইল’ ছুড়বেন না। তাঁর ভাষায়, “যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। কারণ প্রতিশোধ আমার রক্ত ও মেজাজের সঙ্গে মানায় না।”

সহকর্মীদের সামনে এই ঘোষণা দিয়ে তিনি বলেন, ক্ষমা করার মধ্য দিয়েই একজন মানুষ ভবিষ্যতে নিজের ভুলের জন্য ক্ষমা পাওয়ার নৈতিক অধিকার অর্জন করে। প্রতিশোধের রাজনীতি সমাজে নতুন করে ঘৃণা ও সংঘাত তৈরি করে বলেও তিনি সতর্ক করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলমান প্রতিশোধের সংস্কৃতি সমাজ ও রাষ্ট্রকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই চক্র ভাঙতে তিনি যুবসমাজকে সঙ্গে নিয়ে একটি নতুন রাজনৈতিক ধারা শুরু করতে চান—যেখানে প্রতিহিংসার পরিবর্তে সহনশীলতা ও দায়িত্ববোধ থাকবে মূল ভিত্তি।

বক্তব্যে তিনি ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের গণআন্দোলন ও বিপ্লব এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ৫ আগস্টের পর একটি পরিচ্ছন্ন ও নৈতিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা সামনে এগোচ্ছেন। অতীতের রাজনৈতিক সংস্কৃতি পেছনে ফেলে মেধা, উদ্ভাবন ও আদর্শনির্ভর নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনার কথা তুলে ধরেন তিনি।

দলীয় রাজনীতির লক্ষ্য প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তাঁর রাজনীতি কোনো একক দলের বিজয়ের জন্য নয়। “আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই,” বলেন তিনি।

দলের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সামনে দেওয়া একটি জীবন্ত দলিল। এতে মায়েদের সম্মান, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এবং শিল্প ও শ্রমিকের মধ্যে ন্যায্য সম্পর্ক প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিল্প টিকলে শ্রমিক টিকবে, আর শ্রমিক বাঁচলেই দেশের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়াবে।

রাষ্ট্র পরিচালনার দায়বদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঠিক সিদ্ধান্ত ও নৈতিক অবস্থানের ওপরই বাংলাদেশ নামের রাষ্ট্রযানের নিরাপদ যাত্রা নির্ভর করে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!