রাজনীতি

বদ্দার জন্য ধানের শীষে ভোট চাইলেন সালাহউদ্দিন আহমদ

আপডেট: ফেব ০৪, ২০২৬ : ০৪:০৬ পিএম
বদ্দার জন্য ধানের শীষে ভোট চাইলেন সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি শাহজাহান চৌধুরীকে ‘বড় ভাই’ সম্বোধন করে বলেন, তাঁকে ভোট দিয়ে বিজয়ী করলে এলাকার মানুষ একজন অভিজ্ঞ ও সম্মানিত প্রতিনিধিকে সংসদে পাঠাতে পারবেন।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উখিয়ার কোটবাজারে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘আমি আমার বদ্দা শাহজাহান চৌধুরীর ছোট ভাই। তাঁকে আমি সবসময় সম্মান করি। তিনি ১৯৭৯ সাল থেকে এই এলাকার সংসদ সদস্য ছিলেন, জাতীয় সংসদের হুইপের দায়িত্বও পালন করেছেন। আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করেন, তিনি আরও বেশি মর্যাদার সঙ্গে এলাকার মানুষের সেবা করতে পারবেন।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শাহজাহান চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি এবং দলের ত্যাগী নেতা। তাঁর বয়স ও অভিজ্ঞতা জনগণের সেবা দেওয়ার জন্য উপযুক্ত। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। বিএনপি জনগণের দল, দেশের স্বাধীনতা ও বাংলাদেশের স্বার্থের পক্ষের শক্তি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিএনপি জনগণের স্বপ্ন পূরণ করবে।’

পথসভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্বাচনী প্রতীক ছিল। তিনি বলেন, ‘ধানের শীষ বাংলাদেশের মার্কা, আপামর জনতার মার্কা। অতীতে যেমন আপনাদের সেবক ছিলাম, ভবিষ্যতেও আমৃত্যু সেবক হিসেবে কাজ করতে চাই।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ এবার কক্সবাজার-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার বাইরে এসে অন্য আসনে ধানের শীষের পক্ষে প্রচারে অংশ নেওয়ার ঘটনা এটি তাঁর প্রথম।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!