ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে প্রতিপক্ষের সমালোচনা করা স্বাভাবিক হলেও মিথ্যা কিংবা প্রতারণামূলক বক্তব্য দেওয়া কোনোভাবেই স্বাভাবিক বিষয় নয়।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজা ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘আমরা সাচ্চা মুসলমান। মিথ্যা কথা বলি না। আমাদের ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করি। তাই নির্বাচনে মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না।’
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, নিজের করা কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনাই জনগণের সামনে তুলে ধরবেন। কোনো দলের নেতা বা প্রার্থীকে নিয়ে অশোভন কিংবা কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করবেন না বলেও আশ্বাস দেন তিনি।
ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, দেশের মানুষ অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে। তাই সবাই যেন সততা ও সত্যনিষ্ঠার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেন, সে আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভোটগ্রহণ শেষে ফলাফল পাওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান বজায় রাখার কথাও বলেন।
মির্জা আব্বাস আরও বলেন, ‘কেউ কোনো ধরনের গণ্ডগোল বা ঝগড়ায় জড়াবেন না। তবে নির্বাচনের পর প্রয়োজনে লড়াই করতে আমরা প্রস্তুত থাকব।’
সভা শেষে তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসন্ন নির্বাচনে তাঁদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!