রাজনীতি

অপপ্রচার ও মিথ্যা দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা যাবে না: রুহুল কবির রিজভী

আপডেট: ফেব ০৫, ২০২৬ : ০৫:১২ পিএম
অপপ্রচার ও মিথ্যা দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা যাবে না: রুহুল কবির রিজভী

অপপ্রচার ও মিথ্যার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনে বিএনপিকে সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করতে হবে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

রুহুল কবির রিজভী বলেন, চারদিকে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। তাঁর ভাষায়, ‘মিথ্যাচার, অপপ্রচার এবং প্রযুক্তির মাধ্যমে তথাকথিত প্রোপাগান্ডা বট ব্যবহার করে চরিত্রহনন ও কুৎসা রটনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এসব দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দমন করা যাবে না।’

তিনি বলেন, যারা গণতন্ত্রের প্রশ্নে আপসহীন থেকেছেন এবং সত্য ও ন্যায়কে স্পষ্টভাবে তুলে ধরেছেন, তাঁদের বিরুদ্ধেই পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয়শিল্পী ও সুরকারদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। তিনি বলেন, তাঁদের শক্তিশালী শব্দ ও সৃজনশীল শক্তির মাধ্যমেই অপপ্রচারের মোকাবিলা করা সম্ভব।

জাসাস নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, তাঁদের রাজনীতি যেন গতানুগতিক না হয়। তিনি বলেন, ‘আপনাদের রাজনৈতিক ভূমিকা হবে ভিন্নতর, সৃজনশীল এবং প্রতিবাদী।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুজ্জামান শাহিন, জাসাসের সভাপতি চিত্রনায়ক হেলাল খান, কেন্দ্রীয় সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!