বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তরুণদের অংশগ্রহণ ছাড়া টেকসই ও কার্যকর নীতি প্রণয়ন সম্ভব নয়। তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়তে হলে তাদের মনের কথা, চাওয়া-পাওয়া ও ভাবনাগুলো সরাসরি জানতে হবে।
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী রোডের বেড়িবাঁধ এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আমীর খসরু। স্থানীয় তরুণদের উদ্যোগে ‘আমরা ১১ ইয়ুথ টক’ শিরোনামে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, তরুণদের নিয়ে নীতি করার কথা অনেকেই বলেন, কিন্তু তাদের কথা না শুনে সেটা কার্যকর হতে পারে না। তরুণরা কী ভাবছে, তাদের চাহিদা কী, কোন খাতে কীভাবে উন্নতি করা যায়—এসব জানাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দেশ গড়তে হলে সবাইকে সঙ্গে নিয়ে গড়তে হবে। নাগরিকদের মনের কথা না শুনে দেশ পরিচালনা করা যায় না। এজন্য তরুণদের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে হবে। এটিই অংশগ্রহণমূলক গণতন্ত্রের মূল ভিত্তি।
আমীর খসরু আরও বলেন, শুধু রাজনীতি নয়—অর্থনীতি, খেলাধুলা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই গণতন্ত্রায়ন প্রয়োজন। দেশের যে কোনো সংকটময় সময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং সংকট উত্তরণে ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মো. আশরাফ, ডা. ফারহানাজ মাবুদ সিলভীসহ বিভিন্ন পেশাজীবী তরুণরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!