আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমেই মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে ভোটাররা—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম শান্তিবাগ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটাররা বুঝিয়ে দেবে কাকে দিয়ে এলাকার উন্নয়ন ও জনসেবার কাজ হবে। তিনি বলেন, “আমি জয়ী হই বা না হই, এলাকাবাসীর সঙ্গেই থাকব। আমি এই এলাকার সন্তান। আমার বাবা–মাসহ পরিবারের কবর এখানেই রয়েছে।”
রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে তাঁকে দীর্ঘদিন ফেরারি জীবন কাটাতে হয়েছে। নানা সংকটের মধ্যেও তিনি এলাকার মানুষের পাশে থেকেছেন বলে দাবি করেন। “চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার দ্বারা কারও অনিষ্ট হয়নি। বরং আমার কাছে এসে কেউ ঠকেছে—এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না,” বলেন তিনি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহনন রাজনীতির অংশ হওয়া উচিত নয়। তিনি বলেন, “কারও বিরুদ্ধে নোংরামি না করে অতীতে কে কী করেছেন এবং ভবিষ্যতে কী করবেন, তা জনগণের সামনে তুলে ধরে ভোট চান। নির্বাচনকে কুলসিত না করে উৎসবমুখর করুন।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!