রাজনীতি

হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা এনসিপির

আপডেট: ফেব ০৬, ২০২৬ : ০৪:১০ পিএম
হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা এনসিপির

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক ও বর্বর। রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে ন্যায্য বিচার দাবির আন্দোলন দমন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এনসিপি জানায়, হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা কেবল শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ওপর হস্তক্ষেপ নয়, বরং এটি ন্যায়বিচারের বিপক্ষে রাষ্ট্রের অবস্থানকে নির্দেশ করে। বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে ন্যায্য আন্দোলন দমন করার চেষ্টা জনগণ মেনে নেবে না।

এনসিপির বক্তব্যে বলা হয়, প্রকাশ্য দিবালোকে সংঘটিত হাদি হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই, যা অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার ব্যবস্থার ব্যর্থতার প্রমাণ। এই সরকার ইচ্ছাকৃতভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত করছে বলেও অভিযোগ করা হয়।

বিবৃতিতে আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা এবং তাঁদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়। পাশাপাশি শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা এবং আন্দোলনে হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!