রাজনীতি

মানুষের নিরাপত্তা ও বিচার—দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম

আপডেট: ফেব ০৬, ২০২৬ : ০৪:১৩ পিএম
মানুষের নিরাপত্তা ও বিচার—দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর ভাষ্য, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও বিচার কার্যক্রম পরিচালনা—উভয় ক্ষেত্রেই সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসায় এক নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম। এ সময় তিনি হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচির ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

সারজিস আলম বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। অথচ কয়েকদিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে—এমন পরিস্থিতিতেও এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এ কারণেই আন্দোলনকারীরা তদন্ত ও বিচার কার্যক্রম জাতিসংঘের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালায়। এতে বহু মানুষ আহত ও রক্তাক্ত হন।

সারজিস আলম বলেন, ‘যে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না এবং বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তারা যদি আবার বিচার দাবিতে আন্দোলনে বাধা দেয়—তাহলে সেটি চরম ব্যর্থতা ছাড়া কিছু নয়।’

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয়েছে, সেহেতু তাদের উচিত ব্যর্থতার দায় স্বীকার করা। একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে এই ঘটনার তদন্ত ও বিচার কার্যক্রম জাতিসংঘের হাতে তুলে দেওয়া উচিত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!