বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা সস্তা দামে জান্নাত বিক্রি করার চেষ্টা করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে, তারা এ দেশে কখনো সফল হবে না। তিনি বলেন, বাংলাদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা হলে তা মেনে নেওয়া যায় না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, স্বাধীনতার বিরোধিতা করেছে এবং মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা এখন কীভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে বর্ণনা করতে চায়—তা প্রশ্নের জন্ম দেয়। তাঁর ভাষায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিহাসে স্পষ্টভাবে লেখা আছে যে তৎকালীন মেজর জিয়াউর রহমান ২৫ মার্চ দিবাগত রাতের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। সে কারণেই ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস আক্রান্ত হলে একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক কর্মী হিসেবে চুপ থাকা সম্ভব নয়।
বিএনপির পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দলটি ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের চেতনাকে ধারণ করছে। তাঁর ভাষায়, দেশের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে বিএনপির। তিনি বলেন, এই রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন তাঁদের সন্তানেরা, যাঁরা আন্দোলনে রক্ত দিয়েছেন।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সুশাসনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী বলেন, যারা নিজেদের জোটের শরিকদের সঙ্গে আসন বণ্টনে ন্যায্যতা রক্ষা করতে পারে না, তারা ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না।
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কক্সবাজার–৩ আসনের প্রার্থী লুৎফর রহমান কাজল। সভার শেষে সালাহউদ্দিন আহমদ কাজলের হাত উঁচিয়ে ধরে নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!